উৎসের তালিকা

আমরা কোন নথিগুলো দেখি

কোনো নির্দিষ্ট প্রকল্প নিয়ে সাইটে বলা প্রতিটি কথার পেছনে ইস্যুকারীর নিজের নথি বা নিয়ন্ত্রক সংস্থার পাতায় ফিরে যাওয়ার পথ থাকা উচিত। এই পাতায় সেই উৎসগুলোর তালিকা দেওয়া হলো — আমাদের গোছানোটা বিশ্বাস না করে আপনি নিজে ক্লিক করে মূল লেখাটা পড়তে পারেন; আসলে আমরা সেটাই চাই।

প্রথম ভাগ: ইস্যুকারীর আইনি নথি ও স্বচ্ছতা-পাতা

এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ। কোনো পণ্যের “নিচে কী আছে, কে কিনতে পারে, রিডেম্পশন কীভাবে হয়” — এসব প্রশ্নে একমাত্র কর্তৃত্বপূর্ণ উৎস ইস্যুকারীর নিজের নথি। তৃতীয় পক্ষের লেখায় যা বলা আছে, তা আমরা ব্যবহার করি না।

  • Securitize: প্রাতিষ্ঠানিক স্তরের একাধিক টোকেনাইজড ফান্ডের ইস্যু ও হস্তান্তরের প্ল্যাটফর্ম; প্রতিটি পণ্যের নথিতে ঢোকার দরজা এখানেই।
  • Ondo Finance: USDY, OUSG-সহ পণ্যগুলোর অফিশিয়াল পাতা ও আইনি নথি।
  • Franklin Templeton: BENJI-র সঙ্গে যুক্ত ফান্ডের প্রকাশ্য প্রসপেক্টাস ও পোর্টফোলিও রিপোর্ট।
  • Superstate: USTB-সহ পণ্যগুলোর ইস্যু-নথি।
  • Paxos-এর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা পাতা: PAXG-র নিয়মিত রিপোর্টে ঢোকার দরজা।
  • Tether Gold: XAUT-এর অফিশিয়াল পাতা ও সংশ্লিষ্ট রিপোর্ট।
  • Sky: sUSDS-এর প্রোটোকল-নথি ও গভর্ন্যান্সের রেকর্ড।
  • Ethena: USDe-র কার্যপদ্ধতির ব্যাখ্যা ও রিজার্ভ প্রকাশ (এটি বাস্তব সম্পদ নয়; তুলনার জন্য এখানে রাখা হয়েছে)।

দ্বিতীয় ভাগ: নিয়ন্ত্রক সংস্থার প্রকাশ্য তালিকা

“অমুক কোম্পানি অমুক সংস্থার নিয়ন্ত্রণাধীন” — এ ধরনের দাবি যাচাই করার জন্য। পদ্ধতিটা হলো, ইস্যুকারী নিজের যে সত্তার নাম বা লাইসেন্স নম্বর বলছে সেটি নিয়ে সংশ্লিষ্ট সংস্থার প্রকাশ্য ডেটাবেসে মিলিয়ে দেখা। না মিললে, না মেলাই।

তৃতীয় ভাগ: সুদের হার ও বাজারের মানদণ্ড

“ঘোষিত বার্ষিক হারটা যুক্তিসংগত কি না” তা পরীক্ষা করার জন্য। কোনো পণ্য যদি বলে সে স্বল্পমেয়াদি সরকারি বন্ড কিনছে, অথচ একই সময়ের ইল্ডের চেয়ে অনেক বেশি সংখ্যা দেখায়, তাহলে ওই বাড়তি অংশটা নিশ্চিতভাবেই অন্য কোথাও থেকে আসছে।

চতুর্থ ভাগ: অন-চেইন তথ্য

কন্ট্রাক্টের ঠিকানা, ইস্যু করা পরিমাণ আর অনুমতির সেটিংস মিলিয়ে দেখার জন্য। একমাত্র এই ভাগটাই আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজে যাচাই করতে পারেন — তবে এটা ঢাকে কেবল চেইনের ওপরের অংশ; চেইনের বাইরের সম্পদ আদৌ আছে কি না, ব্লক এক্সপ্লোরার দেখে তা বোঝার উপায় নেই।

  • Etherscan: ইথেরিয়ামের কন্ট্রাক্ট, ইস্যু করা পরিমাণ আর হোল্ডারদের বণ্টন।
  • অন্য চেইনগুলোর জন্য নিজস্ব অফিশিয়াল ব্লক এক্সপ্লোরার আছে। একাধিক চেইনে ইস্যু হওয়া টোকেনের ক্ষেত্রে প্রতিটি চেইন আলাদা করে দেখে যোগ করতে হয়; একটিমাত্র চেইন দেখলে মোট পরিমাণ কম দেখাবে।

পঞ্চম ভাগ: এক্সচেঞ্জের অফিশিয়াল তথ্য-পাতা

চলতি ফি আর ফিচারের ব্যাখ্যা দেখার জন্য। এগুলো তথ্য-পাতা, আমাদের প্রচারমূলক লিংক নয়; এতে কোনো রেফারেল প্যারামিটার নেই।

এই উৎসগুলো আমরা কীভাবে ব্যবহার করি

তিনটি নিয়ম, লেখা আছে সম্পাদকীয় নীতি-তে; এখানে আরেকবার বলে রাখি:

এক। প্ল্যাটফর্মের সংখ্যা বসিয়ে রাখা হয় না। ফি, সীমা, ন্যূনতম অঙ্ক, চলতি বার্ষিক হার — যেসব সংখ্যা বদলায়, সাইটে সেগুলো হয় পরিসর হিসেবে লেখা হয়, নয়তো সরাসরি অফিশিয়াল পাতায় পাঠিয়ে দেওয়া হয়, আর সঙ্গে যাচাইয়ের মাস-বছর দেওয়া থাকে। বসিয়ে রাখা সংখ্যা একদিন না একদিন ভুল হয়ে যাবেই, আর টাকার কথা বলা পাতায় ভুল সংখ্যা ক্ষতিকর।

দুই। খুঁজে না পেলে লিখি খুঁজে পাইনি। লেখাটা দেখতে পূর্ণাঙ্গ লাগবে বলে উৎসহীন কোনো কথা আমরা জুড়ে দিই না। সাইটে “ইস্যুকারীর তৎকালীন নথি অনুযায়ী” ধরনের বাক্য যেখানে দেখবেন, বেশিরভাগ সময় সেখানেই আমাদের যাচাইয়ের সীমা শেষ হয়েছে।

তিন। স্ক্রিনশটে মাস-বছর লেখা থাকে। সাইটের প্রতিটি স্ক্রিনশটের ক্যাপশনে কোন মাস-বছরে নেওয়া তা উল্লেখ করা থাকে। ইন্টারফেস বদলায়; পুরনো স্ক্রিনশটের সঙ্গে বর্তমান অবস্থার মিল না থাকলে অন্তত তারিখটা দেখে আপনি বুঝতে পারবেন ওটা কোন সময়ের ছবি।

আমরা কোথাও ভুল লিখেছি, কিংবা কোনো উৎসের লিংক নষ্ট হয়ে গেছে দেখলে যোগাযোগ পাতা থেকে জানান। সংশোধনের হিসাব প্রকাশ্যে থাকে সংশোধনীর তালিকা-য়।